আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা? মিলল ফেরার অনুমতি
টেবিলের ওপর ‘সবুজ সংকেত’, তবে কি কোর্টে ফিরছেন সেরেনা?
টেনিস ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সেরেনা উইলিয়ামসের কোর্টে ফেরা নিয়ে জল্পনা অনেক দিনের। সেই জল্পনায় এবার নতুন জ্বালানি দিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
সোমবার সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার অনুমতি পাচ্ছেন ৪৪ বছর বয়সী এই কিংবদন্তি। ছয় মাস আগে ডোপ পরীক্ষার বাধ্যতামূলক প্রক্রিয়ার জন্য নিজেকে নিবন্ধিত করেছিলেন তিনি আর তাতেই শুরু হয়েছে আসল গুঞ্জন।
তবে বিষয়টি এতটাই সহজ নয়।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই মহাতারকাকে নিয়ে যখনই ফেরার আলাপ ওঠে, তখনই তিনি রহস্যের মেঘ জমিয়ে রাখেন। গত বছর যখন প্রথম শোনা গিয়েছিল সেরেনা ডোপ টেস্টের পুলে ফিরেছেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝাঁঝালো স্বরেই বলেছিলেন, “আমি ফিরছি না।”
সোমবারও তার এজেন্ট বা ডব্লিউটিএ ট্যুরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে আইটিআইএ-এর তালিকায় নাম ওঠা মানেই তিনি র্যাকেট হাতে কোর্টে নামছেন এমন সিদ্ধান্তে পৌঁছানো বোধহয় এখনই সম্ভব হচ্ছে না।
পেশাদার টেনিসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অবসরের পর ফিরতে চাইলে তাকে অন্তত ছয় মাস ডোপ পরীক্ষার আওতায় থাকতে হয়। সেরেনা সেই সময়টুকু পার করেছেন বলেই এখন কারিগরিভাবে তার খেলার পথে কোনো বাধা নেই।
মার্কিন টেনিস অ্যাসোসিয়েশন অবশ্য তাকে স্বাগত জানাতে এক পায়ে খাড়া। সংস্থাটির মুখপাত্র ব্র্যান্ডন ম্যাকইনটায়ার জানিয়েছেন, সেরেনা ফিরলে তার ভক্তদের পাশাপাশি টেনিস দুনিয়া এক অবিস্মরণীয় চ্যাম্পিয়নকে আবার দেখার সুযোগ পাবে।
সেরেনা অবশ্য ২০২২ সালের ইউএস ওপেনের পর নিজেকে টেনিস থেকে সরিয়ে নেওয়ার সময় ‘অবসর’ শব্দটা ব্যবহার করেননি। বরং বলেছিলেন, তিনি টেনিস থেকে অন্য কিছুর দিকে ‘বিবর্তিত’ হচ্ছেন।
এদিকে বড় বোন ভেনাস উইলিয়ামস ৪৫ বছর বয়সেও কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন। বোনকে মিস করার কথা বারবার জানালেও সেরেনার ফেরা নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন তিনিও। ভেনাস একবার হেসেই বলেছিলেন, ও ফিরলে তোমরাই আগে জানবে।
এখন প্রশ্ন হলো, ২২ ফেব্রুয়ারির পর কি আসলেই সেই চেনা গর্জন শোনা যাবে? নাকি আইটিআই-এর এই তালিকা কেবল নথিপত্রের এক সাধারণ অংশ হয়েই থেকে যাবে? উত্তর পেতে আপাতত টেনিস প্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।