ব্রঙ্কোস ভক্তদের সুপার বোলের প্রস্তুতি নিতে বললেন শন পেটন

0
denver-broncos-head-coach-sean-payton

দলের মূল কান্ডারি মাঠের বাইরে। ভরসা এখন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়। প্রতিপক্ষ যখন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মতো শক্তিশালী দল, তখন যে কোনো কোচের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা। কিন্তু ডেনভার ব্রঙ্কোসের হেড কোচ শন পেইটন যেন ভিন্ন ধাতুতে গড়া; সোজা জানিয়ে দিলেন সুপার বোলের প্রস্তুতি নিন।

আগামী রোববার এএফসি চ্যাম্পিয়নশিপের ‘মেগা ফাইটে’ মাঠে নামছে ডেনভার ব্রঙ্কোস।

বাফেলো বিলসের বিরুদ্ধে গত ম্যাচে দর্শকদের গলা ফাটাতে বলেছিলেন পেইটন। তবে এবার তাঁর বার্তা আরও স্পষ্ট, আরও আগ্রাসী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেইটনের সাফ কথা, এই ম্যাচের পর দর্শকরা প্রচুর বিশ্রাম পাবে। পুরো দুই সপ্তাহ।

তাঁর এই কথার অর্থ পরিষ্কার রোববারের বাধা টপকে সোজা ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে সুপার বোল এলএক্স (Super Bowl LX) খেলতে যাচ্ছে তাঁর দল।

অথচ বাস্তব চিত্রটা কিন্তু অতোটা সহজ নয়। দলের নিয়মিত এবং তারকা কোয়ার্টারব্যাক বো নিক্স গোড়ালির চোটে ছিটকে গেছেন। এমন বাঁচা-মরার লড়াইয়ে দলের হাল ধরতে হচ্ছে ব্যাকআপ কোয়ার্টারব্যাক জ্যারেট স্টিডহ্যামকে। স্টিডহ্যাম সেই ২০২৩ মৌসুমের পর আর কোনো ম্যাচ শুরু করেননি। পরিস্থিতি বিবেচনায় বাজিকরদের খাতায় তাই প্যাট্রিয়টসই পরিষ্কার ফেভারিট।

তবে পরিসংখ্যান বা বাজিকর কাউকেই পাত্তা দিচ্ছেন না ২০০৯ সালে নিউ অরলিন্স সেইন্টসকে সুপার বোল জেতানো এই অভিজ্ঞ কোচ।

স্টিডহ্যামের ওপর নিজের অগাধ আস্থার কথা জানিয়ে পেইটন বলেন, “ওর ব্যক্তিত্বটাই এমন। ও মাঠে নামবে এবং নিজের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবে। ওর এই শান্ত মেজাজটাই দলের জন্য ইতিবাচক।” সিজনের শুরুতেই পেইটন বলেছিলেন, তাঁর দলের দ্বিতীয় সেরা খেলোয়াড়টিও লিগের সেরা ৩২ জনের মধ্যে থাকার যোগ্যতা রাখে।

ব্যাকআপ কোয়ার্টারব্যাক নিয়ে পেইটনের এই মাইন্ড গেম কতটা কাজে দেয়, কিংবা অতি আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ায় কি না সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *