দ্য গ্রেট আমেরিকান রেস’ ডেটোনা ৫০০ : যেভাবে দেখবেন, যা দেখবেন
গতি আর গর্জনের দুনিয়ায় সব চোখ এখন উইলিয়াম বাইরনের দিকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাওয়া ৬৮তম ‘ডেটোনা ৫০০’ রেসে এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। এর আগে ইতিহাসের কোনো চালকই ‘দ্য গ্রেট আমেরিকান রেস’-এ টানা তিনবার শিরোপা জয়ের স্বাদ পাননি।
গত বছর ওভারটাইমের চরম নাটকীয়তায় বাজিমাত করেছিলেন বাইরন। রেস লিডার ডেনি হ্যামলিনের গাড়ি স্পিন করার পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই সুযোগে শেষ ল্যাপে আটটি গাড়িকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন তিনি।
তবে হ্যাটট্রিক জয়ের পথটা মোটেও মসৃণ নয়।
রিচার্ড পেটি, কেল ইয়ারবোরো কিংবা ডেনি হ্যামলিনের মতো কিংবদন্তিরাও অতীতে এই জাদুকরী ল্যান্ডমার্কে পৌঁছাতে গিয়ে থমকে গেছেন। বাইরনের সামনে এবার সেই ইতিহাস গড়ার হাতছানি, যদিও ট্র্যাকে তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আরও সাতজন সাবেক ডেটোনা বিজয়ী।
প্রতিযোগিতায় বিশেষ নজর থাকবে সাতবারের চ্যাম্পিয়ন জিমি জনসন এবং তিনবারের বিজয়ী ডেনি হ্যামলিনের দিকে। হ্যামলিনের জন্য এবারের লড়াইটা একটু ভিন্ন আবেগের। গত ডিসেম্বরে বাবাকে হারানোর শোক আর গত মৌসুমের শেষ মুহূর্তের ট্র্যাজেডি কাটিয়ে ট্র্যাকে ফিরছেন তিনি, অন্যদিকে লিগ্যাসি মোটর ক্লাবের হয়ে টয়োটা ৮৪ নম্বর গাড়িতে দেখা যাবে জনসনকে।
ট্র্যাকের বাইরের উত্তাপও এবার কম ছিল না।
নাসকার এবং দুটি দলের (২৩ইলেভেন রেসিং ও ফ্রন্ট রো মোটরস্পোর্টস) মধ্যকার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটার পর এটিই হতে যাচ্ছে প্রথম পুরোদস্তুর রেস। এই সমঝোতার ফলে ৩৬টি দলের জন্য স্থায়ী চার্টার বা সনদ নিশ্চিত হয়েছে, যা রেসিং দুনিয়ার ব্যবসায়িক সমীকরণে বড় স্বস্তি এনে দিয়েছে।
তবে উৎসবের আমেজে বিষাদের ছায়াও রয়েছে।
গত বড়দিনের ঠিক আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অবসরপ্রাপ্ত চালক গ্রেগ বিফল, যা রেসিং দুনিয়াকে শোকস্তব্ধ করে দিয়েছে। সেই বিষাদকে সঙ্গী করেই আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার ফক্স স্পোর্টসের পর্দায় গর্জন তুলবে ইঞ্জিনগুলো।
মাইক জয়, ক্লিন্ট বোয়ার এবং কেভিন হারভিকের ধারাভাষ্যে জমজমাট এই লড়াই দেখার অপেক্ষায় পুরো আমেরিকা। ফক্স ডিপোর্টস এবং সিরিয়াস এক্সএম নাসকার রেডিওতেও থাকছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।
বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার দিবাগত রাতে (ইএসটি দুপুর ২:৩০টার পর) গ্রিন ফ্ল্যাগ বা শুরুর সংকেত দেওয়া হবে।
কাগজে-কলমে ফেভারিট কারা? বেটিং সাইট বেটএমজিএম-এর দরে রায়ান ব্ল্যানি এবং জোয়ি লগানো ফেভারিটের তালিকায় সবার ওপরে। বাইরন এবং অস্টিন সিন্ড্রিকও আছেন খুব কাছাকাছি। তবে বর্তমান সিরিজ চ্যাম্পিয়ন কাইল লারসন এবং ১৯ বছর বয়সী তরুণ তুর্কি কনর জিলিশকে হিসাবের বাইরে রাখা বোকামি হবে।
তারকাদের উপস্থিতিও এবার কম নয়। কমেডিয়ান নেট বারগাটজে গ্র্যান্ড মার্শাল হিসেবে চালকদের ইঞ্জিন চালুর নির্দেশ দেবেন, আর পেস কার চালাবেন হলিউড অভিনেতা কার্ট রাসেল।
সব মিলিয়ে এবারের ডেটোনা ৫০০ কেবল গতির লড়াই নয়, বরং আবেগ, ইতিহাস আর নতুন শুরুর এক অনন্য মঞ্চ হতে যাচ্ছে।