নতুন চমক নিয়ে ২৫ ফেব্রুয়ারি আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬

0
Untitled design (9)

স্মার্টফোন দুনিয়ায় নতুন উত্তাপ ছড়াতে ক্যালেন্ডারের পাতা উল্টে তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ২৫ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট। যেখান থেকে পর্দা উঠবে টেক জায়ান্টটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ সিরিজের।

এবারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। স্যামসাংয়ের দাবি, তাদের নতুন ফোনগুলো ব্যবহারকারীর প্রতিদিনের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি ফোনের সাথে এআই-এর এমন এক নিবিড় সংযোগ ঘটাবে, যা আগে কখনো দেখা যায়নি।

তবে প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি নজর কেড়েছে এস২৬ আলট্রা মডেলের বিশেষ ‘প্রাইভেসি ডিসপ্লে’।

বাসে বা জনাকীর্ণ স্থানে পাশের মানুষটি যাতে উঁকি দিয়ে আপনার ফোনের নোটিফিকেশন বা ব্যক্তিগত তথ্য দেখতে না পারেন, সেজন্য স্ক্রিনের নির্দিষ্ট অংশ অন্যদের নজর থেকে আড়াল করার সুবিধা থাকছে এতে। বর্তমান সময়ের গোপনীয়তা রক্ষার যুদ্ধে একে বড় অস্ত্র হিসেবেই দেখছে দক্ষিণ কোরীয় এই প্রতিষ্ঠানটি।

প্রসেসর নিয়ে দীর্ঘদিনের সেই পুরনো বৈষম্য এবারও বজায় থাকছে বলে শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে কোয়ালকমের সর্বশেষ ‘স্ন্যাপড্রাগন এলিট জেন-৫’ প্রসেসর থাকলেও বাংলাদেশের মতো অন্যান্য অঞ্চলের গ্রাহকদের ভাগ্যে সম্ভবত জুটবে স্যামসাংয়ের নিজস্ব ‘এক্সিনোস ২৬০০’ চিপসেট।

যদিও স্যামসাং কর্মকর্তাদের দাবি, পারফরম্যান্সের ক্ষেত্রে এক্সিনোস এখন স্ন্যাপড্রাগনের প্রায় কাছাকাছি চলে এসেছে। তবে অভিজ্ঞ ব্যবহারকারীরা এখনো এক্সিনোসের থার্মাল ম্যানেজমেন্ট বা ফোন গরম হওয়ার প্রবণতা নিয়ে সন্দিহান।

ব্যাটারি বিভাগেও আসছে কিছুটা পরিবর্তন। এস২৬ ফোনে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি থাকছে ৬০ ওয়াটের তারযুক্ত চার্জিং সুবিধা। এর সাথে ২৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং তো থাকছেই।

ফোনের পাশাপাশি উন্নত ডিজাইনের ‘গ্যালাক্সি বাডস-৪’ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে স্যামসাং। গতবারের বাডস নিয়ে অ্যাপল এয়ারপডসের নকশা নকলের যে ব্যাপক সমালোচনা হয়েছিল, এবার সম্ভবত সেই ইমেজ কাটানোর চেষ্টা করবে তারা।

এদিকে নতুন ফোন প্রি-রেজিস্ট্রেশনের জন্য বড় অংকের ছাড়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। শুধুমাত্র আগ্রহ প্রকাশ করে নাম নিবন্ধন করলেই মিলবে ৩০ ডলারের ক্রেডিট। আর যদি কেউ অগ্রিম বুকিং দেন, তবে কোনো পুরনো ফোন বদল (ট্রেড-ইন) না করেই ১৫০ ডলার পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই আয়োজনটি সরাসরি দেখা যাবে স্যামসাংয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। এখন দেখার বিষয়, এস২৬ সিরিজের এই এআই আর প্রাইভেসি ফিচার সাধারণ মানুষের পকেটে কতটা টান ফেলে আর মনে কতটা স্বস্তি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *