স্টুডিওতে ফিরলেন নোয়েল গ্যালাঘার, আসছে নতুন গান

0
aushs775

ম্যানচেস্টারের সেই চিরচেনা মেজাজ আর ‘ওয়েসিস’ উন্মাদনা যেন আবারও ফিরে আসছে। দীর্ঘ বিরতির পর আবারও রেকর্ডিং স্টুডিওতে পা রেখেছেন নোয়েল গ্যালাগার। তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন এটি কি তার একক ক্যারিয়ারের নতুন গান, নাকি দীর্ঘ প্রতীক্ষিত ওয়েসিস-এর নতুন প্রজেক্ট?

সম্প্রতি ‘টকস্পোর্ট’কে (talkSPORT) দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি নোয়েলের জন্মশহর ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটস ২০২৬’ (BRITs 2026)। ব্রিটিশ সঙ্গীতের মর্যাদাপূর্ণ এই আসরে তাকে ‘সংরাইটার অব দ্য ইয়ার’ বা বছরের সেরা গীতিকারের পুরস্কারে ভূষিত করা হবে। আর এই খবর পাওয়ার পরই স্টুডিওতে ফিরেছেন তিনি। নোয়েলের ভাষায়, “আমি এখন স্টুডিওতে ব্যস্ত। এবার সত্যিই নতুন কিছু বের করা উচিত। আমার লজ্জা হওয়া উচিত যে আমি এতদিন কিছু করিনি।”

তবে বিষয়টি এতটাই সহজ নয়।

এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ মিউজিক ইন্ডাস্ট্রিতেই বেশ বিতর্ক শুরু হয়েছে। কারণ, গত দুই বছরে নোয়েল নতুন কোনো গানই লেখেননি। নিজের স্বভাবসুলভ রসিকতার ঢঙে তিনি বলেন, “আমি জানি না কীভাবে এই পুরস্কারটা বাগিয়ে নিলাম। তবে আমি এটা নিচ্ছি। গত বছর আমরা সোফায় বসে বসেই দশ লাখ রেকর্ড বিক্রি করেছি। আমার মনে হয় না বর্তমানে এমন কোনো গীতিকার আছে যে সোফায় বসে থেকে এই সাফল্য পাবে।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি এবার লন্ডনের ওটু এরিনা থেকে সরিয়ে ম্যানচেস্টারের কো-অপ লাইভে নেওয়া হয়েছে। ছোট ভাই লিয়াম গ্যালাগার সেখানে যেতে অস্বীকৃতি জানালেও নোয়েল জানিয়েছেন, তিনি অবশ্যই রেড কার্পেটে থাকবেন।

এদিকে গত বছর ওয়েসিস-এর ‘লাইভ ২৫’ রিইউনিয়ন ট্যুরের পর থেকেই নতুন অ্যালবামের গুঞ্জন তুঙ্গে। যদিও ব্যান্ডের কো-ম্যানেজার অ্যালেক ম্যাককিনলে নতুন গানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, কিন্তু লিয়াম গ্যালাগার সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, ওয়েসিস-এর ভবিষ্যৎ নিয়ে কেবল তিনি এবং তার ভাই সিদ্ধান্ত নেবেন।

লিয়াম অবশ্য মাঝেমধ্যেই ভক্তদের ধন্দে ফেলে দেন। একবার বলেছিলেন নতুন অ্যালবাম প্রায় তৈরি, পরে আবার জানিয়েছেন ওটা নেহাতই মজা ছিল। তবে নোয়েলের বর্তমান স্টুডিও ব্যস্ততা সেই জল্পনাকে নতুন করে উসকে দিয়েছে। সেটি যদি ২০০৮ সালের পর ওয়েসিস-এর প্রথম অ্যালবাম হয়, তবে তা হবে দশকের সেরা মিউজিক ইভেন্ট।

পিকি ব্লাইন্ডার্স নির্মাতা স্টিভেন নাইটের প্রযোজনায় ওয়েসিস-এর ফিরে আসার নেপথ্য গল্প নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হচ্ছে। সেখানে লিয়াম ও নোয়েলের পুনর্মিলনের কিছু ‘অবিশ্বাস্য’ ফুটেজ থাকবে বলে জানা গেছে।

শেষ পর্যন্ত স্টুডিও থেকে কী বেরিয়ে আসে, তা সময়ই বলে দেবে। তবে নোয়েল যে ঘরকুনো অলস সময় কাটিয়ে আবারও কাজে ফিরেছেন, এটাই ভক্তদের জন্য বড় স্বস্তির খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *