কংগ্রেসে শিক্ষা বাজেট পাস, কোন প্রোগ্রামে কেমন প্রভাব
ওয়াশিংটনের বাতাসে গত এক বছর ধরে ভাসছিল শঙ্কার মেঘ। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি শিক্ষাখাতে বড়সড় কোপ বসাতে যাচ্ছে? তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন পেল ২০২৬ অর্থবছরের বাজেট, যেখানে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর জন্য বরাদ্দ কমানো তো হয়ইনি, বরং ধরে রাখা হয়েছে বিদ্যমান কাঠামোই।
এটা নিছক কোনো বিল পাস নয়, রীতিমতো এক রাজনৈতিক দড়ি টানাটানির সমাপ্তি।
মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১৭-২১৪ ভোটের ব্যবধানে পাস হওয়া এই প্যাকেজে শিক্ষা এবং স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, যা এর আগেই সেনেটের সবুজ সংকেত পেয়েছিল। বিলটি পাস হওয়ার পরপরই তাতে স্বাক্ষর করে একে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এই স্বস্তির নিশ্বাস ফেলার পথটা মসৃণ ছিল না মোটেও। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের জন্য ষষ্ঠ একটি বিল যুক্ত থাকায় ডেমোক্র্যাট সিনেটররা পুরো বাজেট প্যাকেজটি আটকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে শিক্ষা বাজেটটি আলোর মুখ দেখল।
বিশ্লেষকদের মতে, কে-১২ বা কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কার্যত প্রতিটি কর্মসূচিতেই আগের বছরের সমান তহবিল বজায় রাখা হয়েছে। মূল্যস্ফীতির এই সময়ে বরাদ্দ না বাড়াটা অনেকের কাছে হতাশার হলেও, অন্তত বড় কোনো ছাঁটাইয়ের মুখে পড়তে হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটুকুই বা কম কীসে!